Ticker

6/recent/ticker-posts

শিক্ষক-শিক্ষার্থীদের তথ্যসেবা সহজ করতে গোবিপ্রবিতে মোবাইল অ্যাপ চালু

গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের তথ্যপ্রাপ্তি ও অভ্যন্তরীণ যোগাযোগ আরও সহজলভ্য করার লক্ষ্যে নিজস্ব মোবাইল অ্যাপ ‘জিএসটিইউ অ্যাপ’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যাপটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এসময় তিনি উদ্যোগটির জন্য আইসিটি সেলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমকে আরও গতিশীল করতেই এই অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইসিটি সেলের পরিচালক ড. সালেহ আহমেদ।
‘জিএসটিইউ অ্যাপ’-এর মাধ্যমে শিক্ষক-কর্মকর্তাদের মোবাইল নম্বর ও ই-মেইল আইডি, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার, ই-লাইব্রেরি, বাসের সিডিউলসহ বিভিন্ন জরুরি সেবার তথ্য সহজেই পাওয়া যাবে। পাশাপাশি অ্যাপটি পর্যায়ক্রমে নতুন তথ্য ও ফিচার সংযোজনের মাধ্যমে হালনাগাদ করা হবে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

Post a Comment

0 Comments