Ticker

6/recent/ticker-posts

নিয়মবহির্ভূতভাবে সার্টিফিকেট আটকে দেওয়ার অভিযোগ গোবিপ্রবি প্রক্টরের বিরুদ্ধে

গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ফার্মেসি বিভাগের মাস্টার্স শিক্ষার্থী আতিক ফয়সাল অনার্স সনদ উত্তোলনে নিয়মবহির্ভূত বাধা দেওয়ার অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুজ্জামান রাজিবের বিরুদ্ধে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এ অভিযোগ তোলেন তিনি।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, অনার্সের ফল প্রকাশের পর প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করলেও প্রক্টরের স্বাক্ষর না থাকায় তিনি সার্টিফিকেট তুলতে পারছেন না। বারবার যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি। এমনকি কাগজপত্র প্রক্টর রেখে দেওয়ায় দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন।
তিনি আরও অভিযোগ করেন, “সহপাঠীরা সনদ পেলেও আমি প্রক্টরের স্বাক্ষর ছাড়া আটকে আছি। কোনো শৃঙ্খলাভঙ্গ বা প্রশাসনিক শাস্তি আমার ওপর নেই। অথচ অকারণে সার্টিফিকেট তোলার প্রক্রিয়া আটকে দেওয়া হচ্ছে। চাকরির পরীক্ষায় ও পেশাগত জীবনে এতে আমি মারাত্মক ক্ষতির মুখে পড়ছি।”
সংবাদ সম্মেলন থেকে তিনি অবিলম্বে সমস্যার সমাধান দাবি করেন এবং শিক্ষার্থীদের স্বার্থে এ ধরনের হয়রানি বন্ধ করার আহ্বান জানান।
এ বিষয়ে জানতে প্রক্টর আরিফুজ্জামান রাজিবের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি সামনাসামনি কথা বলার পরামর্শ দেন। পরে অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। পুনরায় ফোন করা হলে তিনি কল কেটে দেন। ফলে তার মন্তব্য পাওয়া যায়নি।

Post a Comment

0 Comments