গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে মঙ্গলবার শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শুরু হওয়া এই কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত স্মারকলিপি জমা দেন। শিক্ষার্থীরা জানান, ছাত্র সংসদ নির্বাচন শুধু তাদের অধিকার আদায়ের মাধ্যম নয়, এটি দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের জন্যও অপরিহার্য। তারা বলেন, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করা এবং শিক্ষার মান নিশ্চিত করতে ছাত্র সংসদ একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলী ত্বোহা বলেন, “প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি হলো ছাত্র সংসদ নির্বাচন। নির্বাচিত প্রতিনিধিরা সব শিক্ষার্থীর প্রতি দায়বদ্ধ থাকবেন এবং ক্যাম্পাসে শিক্ষার স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সহায়তা করবেন।” কৃষি বিভাগের শিক্ষার্থী জসিম উদ্দিন বলেন, “ছাত্র সংসদ থাকলে প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের কথা বলার সুযোগ তৈরি হয়। না হলে ক্ষমতাসীন দলের একক আধিপত্য বেড়ে যায়, যা শিক্ষার্থীদের অধিকার হরণের পাশাপাশি দেশের জন্য যোগ্য নেতৃত্ব তৈরি হতে বাঁধা দেয়।” লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুবর্ণা জয় বলেন, “ছাত্র সংসদ না থাকায় ক্লাসরুমের সংকট, হলের আসন, ল্যাব সুবিধা ও টিউশন ফি সংক্রান্ত সমস্যাগুলোতে শিক্ষার্থীদের কোনো আনুষ্ঠানিক প্রতিনিধি নেই। গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে ছাত্র সংসদ অপরিহার্য। আমরা শান্তিপূর্ণ, যুক্তিনির্ভর ও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ দাবি জানাচ্ছি।” পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আকিক তানজিল জিহান বলেন, “ছাত্র সংসদ শিক্ষার্থীদের সর্বোচ্চ গণতান্ত্রিক প্ল্যাটফর্ম। এখান থেকে নেতৃত্ব, দায়িত্ববোধ ও সাংগঠনিক দক্ষতা বিকশিত হয়। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে গোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন চালু করা জরুরি।” বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা জানান, তারা দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছেন, যাতে শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শিক্ষার পরিবেশ ও অধিকার রক্ষা করতে পারে।

0 Comments