দ্য মর্নিং প্রিজম প্রতিবেদক: ঢাকায় তিন দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
বুধবার (২৭ আগস্ট) রাজধানীতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেশাগত মর্যাদা রক্ষা, চাকরিতে বৈষম্য দূরীকরণ ও গবেষণায় সরকারি সহায়তা বৃদ্ধির দাবিতে কর্মসূচি পালন করছিলেন। এ সময় পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে গোবিপ্রবিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী আহত হন।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গোবিপ্রবি উপাচার্য বলেন, “প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই কাম্য নয়। দেশের ভবিষ্যৎ সম্পদ শিক্ষার্থীরা। তাদের ওপর হামলা দুঃখজনক।”
তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা ও শিক্ষার্থীদের ন্যায্য দাবি দ্রুত পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তারা শান্তিপূর্ণ অবস্থান নিলেও পুলিশ বিনা উসকানিতে আক্রমণ চালায়। এতে বহু শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি হতে হয়। তবে পুলিশের দাবি, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করায় তাদের সরাতে বাধ্য হয় আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার পর থেকে প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও হামলার নিন্দা জানিয়ে প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

0 Comments